প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে এক ব্যতিক্রমধর্মী সাহিত্য আয়োজনের মধ্য দিয়ে কবি শাহেদ কায়েস-এর নতুন কাব্যগ্রন্থ ‘জল হাওর একতারা’-এর পাঠ-উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে ভ্রমণ সংগঠন ‘মেঘযাত্রী’-র উদ্যোগে হাওরের বুকে নৌকায় ভাসমান পরিবেশে এ আয়োজন করা হয়। প্রকৃতি, সাহিত্য ও ভ্রমণপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি এক ভিন্নমাত্রা যোগ করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি অনিন্দ্য জসীম। এ সময় কাব্যগ্রন্থটির কবিতা, ভাষা, ভাবনা ও সাহিত্যিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন কবি শতাব্দী কাদের এবং কবি অতনু তিয়াস।
আলোচনায় বক্তারা বলেন, ‘জল হাওর একতারা’ কেবল একটি কবিতার বই নয়; এটি হাওরের প্রকৃতি, মানুষ, জীবনসংগ্রাম ও পরিবেশের সঙ্গে গভীর আত্মিক সম্পর্কের এক কাব্যিক দলিল।
অনুষ্ঠানে কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন কবি সোহেল মাজহার, সিদ্ধার্থ টিপু, বিল্লাল মেহেদী, অনিন্দ্য জসীম, বোরহান মাসুদ এবং সাংবাদিক ও লেখক বায়েজিদ লিটন। তাদের কণ্ঠে কবিতার আবৃত্তি হাওরের নির্মল পরিবেশে সৃষ্টি করে এক আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীপু বাউল, উৎপল শিপলু, আলমগীর কবির আলম, আমিন রোমান এবং ভ্রমণ সংগঠন মেঘযাত্রী-র সদস্য ও হাওরপ্রেমীরা।
কাব্যগ্রন্থটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি অতনু তিয়াস বলেন, এই গ্রন্থে হাওর কেবল একটি প্রাকৃতিক পটভূমি নয়, বরং এক জীবন্ত সত্তা হিসেবে উঠে এসেছে। জল, পাখি, বৃক্ষ, কুয়াশা, ঝড় এবং মানুষের জীবনসংগ্রামের মধ্য দিয়ে প্রতিটি কবিতায় প্রকৃতি ও মানুষের চিরন্তন সহাবস্থানের এক অনন্য অনুভূতি ফুটে উঠেছে।
কবি শাহেদ কায়েস এ ধরনের ব্যতিক্রমী পরিবেশে নিজের কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচনের আয়োজন করায় ভ্রমণ সংগঠন মেঘযাত্রী-কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, হাওরকে ঘিরে লেখা কবিতার বই হাওরের বুকেই পাঠকের সামনে উন্মোচন হওয়া তার জন্য বিশেষ আনন্দের।
উল্লেখ্য, ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন দেওয়ান আতিকুর রহমান এবং বইটি প্রকাশ করেছে বৈভব প্রকাশনী। সাহিত্যপ্রেমীদের কাছে বইটি হাওরের জীবন, প্রকৃতি ও মানুষের আবেগকে নতুনভাবে উপলব্ধি করার একটি অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।