বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরকে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে বিশেষ মশানিধন ও সচেতনতামূলক অভিযানের শুভ সূচনা করা হয়েছে। “নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন ‘সামাজিক শক্তি নারায়ণগঞ্জ’ (NSN)-এর উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
শনিবার (৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদরের ১৩নং ওয়ার্ডের মাসদাইর ও গলাচিপা এলাকায় এ ডেঙ্গু মুক্ত অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুযোগ্য প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান।
উদ্বোধনী বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সিটি কর্পোরেশন বা পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর করলেই চলবে না, সর্বস্তরের নাগরিককে সচেতন হতে হবে। আমাদের বাসা-বাড়ি, আঙিনা ও আশেপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সামাজিক শক্তি নারায়ণগঞ্জের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়।”
অভিযানকালে মাসদাইর ও গলাচিপা এলাকার বিভিন্ন গলি, ড্রেন, বাসাবাড়ির আঙিনা ও জমে থাকা পানিতে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়। পাশাপাশি লার্ভা ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘সামাজিক শক্তি নারায়ণগঞ্জ’-এর দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ১৩নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।