বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর ও সিরাজদিখান থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দিন-রাতের টহল কার্যক্রম জোরদারের লক্ষ্যে ৬টি নতুন পিকআপ ভ্যান প্রদান করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে শ্রীনগর থানা কম্পাউন্ডে আয়োজিত এক সুধী সমাবেশের মাধ্যমে গাড়িগুলো আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গাড়িগুলো মুন্সীগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল্লাহর পক্ষ থেকে জেলা পুলিশকে উপহার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল্লাহ। এতে গেস্ট অব অনার হিসেবে অংশ নেন বাংলাদেশ পুলিশের প্রশাসন বিভাগের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) জনাব এ কে এম আওলাদ হোসেন এবং ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
শ্রীনগর থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
গাড়ি হস্তান্তরকালে অতিথিবৃন্দ বলেন, “অপরাধ দমন, জননিরাপত্তা বিধান এবং যেকোনো জরুরি মুহূর্তে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশের আধুনিক লজিস্টিক সাপোর্ট অত্যন্ত জরুরি। আজ যে পিকআপ ভ্যানগুলো যুক্ত হলো, তা শ্রীনগর ও সিরাজদিখান থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের গতিশীলতা ও সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।”
তারা আরও বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের শতভাগ নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে সেবামূলক মনোভাব নিয়ে কাজ করাই পুলিশের মূল লক্ষ্য হওয়া উচিত।”
উক্ত সুধী ও গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।