বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ফেনী সফরকে স্বাগত জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনন্দ মিছিল ও শোডাউন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের মাদানী নগর মাদ্রাসা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সাগর সিদ্দিকীর নেতৃত্বে এ স্বাগত শোডাউন ও অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী সুসজ্জিত ব্যানার, ফেস্টুন হাতে মহাসড়কের পাশে অবস্থান নেন এবং স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
শোডাউনকালে ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সাগর সিদ্দিকী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী আগমন উপলক্ষে তৃণমূলের সকল নেতাকর্মী ও জনগণ আজ বাঁধভাঙা উচ্ছ্বাসে রাজপথে নেমে এসেছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে আমরা ঐক্যবদ্ধভাবে মহাসড়কে অবস্থান নিয়ে আমাদের ভালোবাসা ও সমর্থন ব্যক্ত করছি।”
উক্ত শোডাউনে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।