বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা জুড়ে মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ আখড়া এলাকার ১৪নং এলএনএ রোডস্থ মোখলেছুর রহমানের টিনশেড বাড়ির দক্ষিণ পাশের গলি রাস্তা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ হৃদয় (৩৮)। সে ওই এলাকার মোঃ মোখলেছুর রহমান ও লিপি বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাজেদুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোঃ সেলিম মিয়া ও তাঁর সঙ্গীয় চৌকস ফোর্স। অভিযানকালে দেওভোগ আখড়া গলিতে তল্লাশি চালিয়ে হৃদয়ের কাছ থেকে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির অপরাধ রেকর্ড (PCPR) পর্যালোচনা করে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে জেলা পুলিশের এই অল-আউট মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।