সকাল নারায়ণগঞ্জঃ
নীলফামারী জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমন কার্যক্রম জোরদার করা এবং থানা পর্যায়ের কর্মকাণ্ড মূল্যায়নের লক্ষ্যে জেলা পুলিশের জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলার পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।
সভায় জুন-২০২৬ মাসে জেলার প্রতিটি থানার অপরাধ পরিস্থিতি, মামলার অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি থানা ভিত্তিক অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করে বিভিন্ন ধরনের অপরাধের প্রবণতা বিশ্লেষণ করা হয়।
পুলিশ সুপার সভায় অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি তদন্ত কার্যক্রম দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা, ওয়ারেন্ট তামিল, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা আরও জোরদার করার নির্দেশনা দেন।
তিনি বলেন, জনবান্ধব ও পেশাদার পুলিশিং নিশ্চিত করতে জেলার প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
সভায় নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।