সকাল নারায়ণগঞ্জঃ
মুন্সীগঞ্জ, ২৬ জুন ২০২৬:
‘সেবার ব্রতে চাকরি’— এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নারী ও পুরুষ পদে নিয়োগ-২০২৬ এর তৃতীয় ও শেষ দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ জুন) মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের অংশগ্রহণে তৃতীয় দিনের ইভেন্ট হিসেবে পুশ-আপ, সিট-আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। নিয়োগ কাজে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে শেষ দিনের কার্যক্রম সম্পন্ন করেন।
প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, “আপনারা কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে এ পর্যন্ত পৌঁছেছেন। একই একাগ্রতা ও সততার সঙ্গে পরবর্তী ধাপগুলোর জন্য নিজেদের প্রস্তুত করুন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের প্রলোভনে বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়াবেন না। আপনাদের মেধা, যোগ্যতা ও সততাই হবে সফলতার একমাত্র চাবিকাঠি।”
এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধি, মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, যোগ্য, দক্ষ ও মেধাবী জনবল বাছাইয়ের লক্ষ্যে সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।