সকাল নারায়ণগঞ্জঃ
মোহনপুর থানা প্রতিনিধিঃ রাজশাহী জেলার মোহনপুর থানা আকস্মিক পরিদর্শন করেছেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ।
গত ২৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার) তিনি মোহনপুর থানা পরিদর্শন করেন। এ সময় থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ মোহনপুর থানার সকল অফিসার ও ফোর্সকে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি থানার পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করেন। একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল কর্মপরিবেশ পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষা, জনসাধারণকে দ্রুত ও কার্যকর সেবা প্রদান এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতা বজায় রাখার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), রাজশাহী এবং হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাজশাহীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
থানা পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয়ের প্রয়োজনীয় দিকনির্দেশনা মোহনপুর থানার পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।