সকাল নারায়ণগঞ্জঃ
সিলেট প্রতিনিধি:
তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট।
বুধবার (১৯ আগস্ট) ৭ এপিবিএন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স উইং জিডির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে নিয়মিতভাবে কাজ করছে ৭ এপিবিএন সিলেটের সাইবার সেল। আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিক প্রচেষ্টায় এবারও সফলভাবে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো হলো—Redmi 9, OPPO A17K, VIVO Y03i, RAVOZ এবং VIVO V23।
পরে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং এপিবিএন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ৭ এপিবিএন, সিলেটের সহকারী পুলিশ সুপার (অ্যাডজুট্যান্ট) ও সাইবার সেলের টিম ইনচার্জ জনি লাল দেব।
৭ এপিবিএন, সিলেট জানিয়েছে, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। হারানো কিংবা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে জিডির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কাজ করছে সংশ্লিষ্ট সাইবার সেল।
নিরাপত্তা ও জনসেবায় সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করছে ৭ এপিবিএন, সিলেট।