সকাল নারায়ণগঞ্জঃ
নিজস্ব প্রতিবেদক:
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, সাতক্ষীরার উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলার উদ্বোধন করেন অতিথিরা।
এর আগে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের পরিচর্যা করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বৃক্ষমেলা চলাকালে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি পরিচালিত হবে।