সকাল নারায়ণগঞ্জঃ
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ জেলা পুলিশ থেকে সম্প্রতি পিআরএল (Post Retirement Leave)-এ গমনকারী পুলিশ পরিদর্শক (নিঃ) ডিআই-১ মো. আবু বকর সিদ্দিককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি ও পেশাগত অবদানের কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি সহকর্মীদের কাছে একজন আদর্শ পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এ সময় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিদায়ী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিককে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। তিনি বলেন, একজন দক্ষ, সৎ ও পেশাদার কর্মকর্তা হিসেবে আবু বকর সিদ্দিকের অবদান জেলা পুলিশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তিনি বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, সুখী পারিবারিক জীবন এবং অবসর-পরবর্তী জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
বিদায়ী কর্মকর্তা আবু বকর সিদ্দিকও জেলা পুলিশের কর্মকর্তা ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘ চাকরি জীবনে সবার সহযোগিতা ও ভালোবাসা তাকে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও তিনি পুলিশ পরিবারের সঙ্গে আত্মিক বন্ধন অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেনসহ মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও সকল পর্যায়ের পুলিশ সদস্যরা।
আন্তরিকতা, সম্মান ও শুভকামনায় মুখর এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সহকর্মীরা বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং তার আগামী দিনের জীবন সুন্দর ও সফল হোক—এ কামনা করেন।