সকাল নারায়ণগঞ্জঃ
বিশেষ প্রতিনিধি:
অসদাচরণ ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক এক প্রজ্ঞাপনে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ও সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা গোলাম মোস্তফা রাসেল ২০২৫ সালের ৩১ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার এই অনুপস্থিতির কারণ জানতে চেয়ে ই-মেইল, ডাক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি কোনো লিখিত জবাব দেননি এবং কর্মস্থলেও যোগ দেননি।
পরবর্তীতে তার বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা (মামলা নম্বর ০২৫/২০২৫) রুজু করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হয়। পিএসসির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি তার বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। এই সিদ্ধান্ত ২০২৫ সালের ৩১ মার্চ থেকেই কার্যকর গণ্য হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অপরাধে ২০২৫ সালের জুনে গোলাম মোস্তফা রাসেলসহ পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছিল সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশক্রমে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।