সকাল নারায়ণগঞ্জঃ
গোপালগঞ্জ প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) আয়োজনে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জোৎস্না খাতুন।
প্রশিক্ষণ সভায় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার ব্যবহার শিশুদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং সঠিক উচ্চারণ শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রমিত বাংলা শব্দভাণ্ডার, ব্যাকরণ ও শুদ্ধ উচ্চারণ শেখার মাধ্যমে শিশুরা প্রাতিষ্ঠানিক ও পেশাগত যোগাযোগের জন্য নিজেদের আরও উপযোগী করে তুলতে পারে।
তিনি আরও বলেন, মাতৃভাষায় সঠিক শিক্ষা শিশুদের অন্যান্য বিষয় বুঝতেও সহায়তা করে। পরিবার ও সমাজে আঞ্চলিক ভাষার পাশাপাশি প্রমিত বাংলা চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে শিশুদের ভাষা ব্যবহারে শুদ্ধতা, আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে।
প্রশিক্ষণ সভায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।