সকাল নারায়ণগঞ্জঃ
নিজস্ব প্রতিবেদক: নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের উদ্যোগে উদ্ধার হওয়া ৩০টি হারানো মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মোবাইল ফোন হস্তান্তর করেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ বি এম ফয়জুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের দিকনির্দেশনায় প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পুলিশে সাইবার সেল প্রতিষ্ঠা করা হয়।
প্রতিষ্ঠার পর থেকেই সাইবার সেলের দক্ষ সদস্যরা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানো মোবাইল ফোন উদ্ধার, ডিজিটাল মাধ্যমে প্রতারণা প্রতিরোধ এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন।
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের হ্যান্ডসেট রয়েছে। দীর্ঘদিন পর হারানো শখের মোবাইল ফোন ফিরে পেয়ে উচ্ছ্বসিত মালিকরা নীলফামারী জেলা পুলিশের এই জনবান্ধব সেবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জরুরি প্রয়োজনে নীলফামারী সাইবার সেলের হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে: ০১৩২০-১৩৬২৯০।