সকাল নারায়ণগঞ্জঃ
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজুদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতকার্য ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় প্রতিষ্ঠানের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
অনুষ্ঠানে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানেরও গর্ব। ভালো ফলাফলের পাশাপাশি সততা, শৃঙ্খলা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই মাদক, সন্ত্রাস, অপরাধ ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
পরে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতকার্য ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সংবর্ধনা তুলে দেওয়া হয়।
উক্ত প্রতিষ্ঠান থেকে এসএসসি-২০২৬ পরীক্ষায় ২৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২৪৬ জন কৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানের পাশের হার ৯৮.৮০ শতাংশ। এছাড়া ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
শিক্ষার্থীদের এমন সাফল্যে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।