সকাল নারায়ণগঞ্জঃ
ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের একটি প্রতিনিধিদল সিআইডি প্রধান ও অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (২৩ আগস্ট ২০২৬) রাজধানীর সিআইডি সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
চীনা দূতাবাসের প্রতিনিধিদলে ছিলেন সেকেন্ড সেক্রেটারি মি. ঝাও ই, থার্ড সেক্রেটারি মি. ঝৌ জুন এবং কনস্যুলার অফিসার মিস ফাতেমা শিমু।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের মধ্যে পুলিশ-টু-পুলিশ সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মানবপাচার প্রতিরোধ, চলমান ও বিদ্যমান মামলার তদন্তে পারস্পরিক সহযোগিতা এবং তথ্য বিনিময় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ ব্যাংক-সংশ্লিষ্ট মামলা, সাইবার-সক্ষম অপরাধ মোকাবেলায় দুই দেশের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং প্রয়োজনীয় কারিগরি ও লজিস্টিক সহায়তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের পারস্পরিক সহযোগিতা দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে যোগাযোগ ও সমন্বয় আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ, মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবেলায় যৌথ সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।
সাক্ষাৎকালে সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।