বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) জনাব দীপংকর ঘোষের প্রত্যক্ষ নেতৃত্বে বন্দর থানায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জামাল উদ্দিনের অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে চোরাই মালামাল উদ্ধার সহ চুরির মামলা, পরোয়ানাভুক্ত এবং মাদকসেবী সহ সর্বমোট ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে কদম রসুল এলাকা থেকে চুরি মামলার এজাহারনামীয় আসামী মোঃ রুবেল হাসান (৩৫), সবুজ চন্দ্র দাস (৩০) ও মোঃ মুন্না মিয়া (৩৫)-কে গ্রেফতার করা হয়। একই সাথে তাদের হেফাজত থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করে পুলিশ।
এছাড়া অন্যান্য অভিযানে অপহরণ, চাঁদাবাজি ও মারধর মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ রফিকুল ইসলাম সানি (৩৫) ও আওরালী ওরফে আওয়াল (৫০)-কে নারায়ণগঞ্জ সদরের ২নং রেল গেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পৃথক চুরির মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আবু সুফিয়ান (৩৫), নাঈমুল ইসলাম (৩০) ও মোঃ হাসান ওরফে শাহাদাত (৩০)-কে বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
একই রাতে পরিচালিত অভিযানে পরোয়ানাভুক্ত আসামী মোছাঃ তানিয়া আক্তার (৩৬) এবং প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় আরও ৫ জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত ১৪ জন আসামীকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বন্দর থানা এলাকায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও চুরিসহ যেকোনো অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।