সকাল নারায়ণগঞ্জঃ
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী ও গাজীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এমপি। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া।
সভায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন উপস্থিত ছিলেন।
এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুর জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন, সিভিল সার্জন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকসহ আনসার, বিজিবি, এসআরবি, কারাগার, এনএসআই, ডিজিএফআই, পাসপোর্ট, পল্লী বিদ্যুৎ, ডিপিডিসিসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত ও জনবান্ধব রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষ করে মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, ভূমিদস্যুতা, মিথ্যা মামলাসহ সব ধরনের অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হাবিবুর রশিদ, এমপি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আজকের সভায় যেসব সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলোর বাস্তবায়নে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা পরবর্তী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সর্বপ্রথম পর্যালোচনা করা হবে।
তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
সভা শেষে গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সমাপ্তি ঘোষণা করেন।