সকাল নারায়ণগঞ্জঃ
বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে পৃথক ঘটনায় ছিনতাইয়ের অভিযোগে একজন, গ্রেপ্তারি পরোয়ানায় তিনজন এবং ৬ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ দুইজনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বন্দর থানার পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন-এর প্রত্যক্ষ নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে বন্দর থানার একরামপুর ইস্পাহানী আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের মেইন গেটসংলগ্ন দেয়ালের পাশে জনসাধারণের হাতে আটক হওয়া আকিল আহম্মেদ (২৪)-কে হেফাজতে নেয় পুলিশ। তার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
এদিকে, ৩১ আগস্ট রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানামূলে আবুল কাশেম (৪৮), সামছুল হক (৩৫) ও মো. সাব্বির (২২)-কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ৭টা ৪০ মিনিটে র্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় ৬ হাজার ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসার অভিযোগে আঃ আব্দুল্লাহ (২০) ও মোছা. সাবিনা আক্তার (১৯)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পৃথক এসব ঘটনায় গ্রেপ্তার করা মোট ৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ আরও জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।