সকাল নারায়ণগঞ্জঃ
বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর গলা থেকে কৌশলে চেইন নিয়ে পালানোর সময় আসমা বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছেন হাসপাতালে দায়িত্বে থাকা আনসার সদস্যরা।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন এক রোগীর গলা থেকে চেইন নিয়ে পালানোর চেষ্টা করছিলেন আসমা বেগম। বিষয়টি টের পেয়ে হাসপাতালে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে আইনগত প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।
আটক আসমা বেগম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মেঘনার চর এলাকার মনির মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
এ বিষয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাজিউর রহমান গণমাধ্যমকে বলেন, হাসপাতালে আগে থেকেই বিভিন্ন ধরনের সমস্যা ছিল। আনসার সদস্য মোতায়েনের পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার হয়েছে।
তিনি আরও জানান, প্রায় দুই সপ্তাহ আগে আনসার সদস্যরা মাদকসহ একজন মাদকসেবীকে আটক করেছিলেন। এবারও রোগীর চেইন নিয়ে পালানোর সময় একজনকে আটক করা হয়েছে। হাসপাতালে আনসার সদস্য মোতায়েন থাকায় রোগী ও স্বজনদের নিরাপত্তার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আনসার সদস্যদের নিয়মিত দায়িত্ব পালনের ফলে হাসপাতাল এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।