সকাল নারায়ণগঞ্জঃ
নওগাঁ প্রতিনিধি:
জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২০ লিটার দেশীয় চোলাই মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করে চোলাই মদ তৈরির একটি আস্তানা ধ্বংস করা হয়েছে।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান-এর নেতৃত্বে কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে রাতভর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে ১ হাজার ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—সুকুমার চন্দ্র ভূইয়া (৩৮), সুমন ভূইয়া (২৮), অনন্ত চন্দ্র ভূইয়া (২৫), মিঠুন চন্দ্র ভূইয়া (৪৫) ও জয়ন্ত ভূইয়া (২০)। তাদের সবার ঠিকানা নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া এলাকায়।
পুলিশ জানায়, অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণও উদ্ধার করা হয়। পরে মদ তৈরির আস্তানাটি ধ্বংস করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।