সকাল নারায়ণগঞ্জঃ
রাজশাহী প্রতিনিধি:
নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের সঙ্গে হোপ-ব্রিজ ফাউন্ডেশন, রাজশাহী-এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুর ২টায় আরএমপি সদর দপ্তরের মিনি কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির-এর সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে ফাউন্ডেশনের প্রতিনিধিরা পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নিরাপদ ও অপরাধমুক্ত মহানগরী গঠনে পুলিশ ও সামাজিক সংগঠনগুলোর যৌথভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, হোপ-ব্রিজ ফাউন্ডেশনের প্রায় ২২ হাজার সদস্য রয়েছেন। সদস্যদের নিয়মিত চাঁদা ও ব্যক্তিগত সহযোগিতার মাধ্যমে সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি বিভিন্ন মেলার আয়োজন এবং মাত্র ৫ টাকার বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহের মাধ্যমে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি।
পুলিশ কমিশনার ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, একটি সুন্দর, নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত মহানগরী গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় আরএমপির পক্ষ থেকে ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
মতবিনিময় শেষে হোপ-ব্রিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে রোপণের জন্য আমড়া, কামরাঙ্গা ও আমলকীর চারা প্রদান করা হয়।
এ সময় পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএম। হোপ-ব্রিজ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ডা. নওশিয়া অরিন, সহ-সভাপতি সাদিয়া ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য নাফিয়া তাবাসসুম, জান্নাতুন তাজ, সানিয়া শেখ, শামসুন্নাহার তন্নী, জাকিয়া ফারিন ও মুসকান ইরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।