সকাল নারায়ণগঞ্জঃ
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ দমন, মামলা নিষ্পত্তি এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রোববার (৯ আগস্ট ২০২৬) দুপুর ২টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় খুলনা রেঞ্জের ডিআইজি কুষ্টিয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি এবং অপরাধ প্রতিরোধে পুলিশের করণীয় বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।
এ সময় তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করা, অপরাধের কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় কুষ্টিয়া জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার অগ্রগতি ও তদন্ত কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্ত দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, খুলনা রেঞ্জ ডিআইজির স্টাফ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রাফিউল রহমান, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার, কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবি, ওসি ডিবিসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চলমান কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।