সকাল নারায়ণগঞ্জঃ
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যাচেষ্টা মামলার দুই আসামি, দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং চোর চক্রের দুই সদস্যসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোরাই একটি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম-এর দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট বিকেল ৫টা ৪৫ মিনিটে শ্রীনগর থানার ফেরিঘাট এলাকা থেকে চোরাই একটি অটোরিকশাসহ চোর চক্রের সদস্য মো. রিয়াজ হাওলাদার (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।
এরপর ৩ আগস্ট দিবাগত রাতে ধারাবাহিক অভিযানে রুদ্রপাড়া এলাকা থেকে শ্রীনগর থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হুমায়ুন কবির (৪০) এবং বাঘড়া এলাকা থেকে অপর ওয়ারেন্টভুক্ত আসামি মো. ফারুক হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।
একই রাতে পৃথক অভিযানে হত্যাচেষ্টা মামলার আসামি মো. মোরশেদ আলম (৩০)-কে পূর্ব খৈয়াগাঁও এলাকার নিজ বাড়ি থেকে এবং আরেক হত্যাচেষ্টা মামলার আসামি আল-আমিন শেখ (৪৩)-কে ছনবাড়ী এলাকা থেকে আটক করা হয়।
এছাড়া তদন্তে সম্পৃক্ততার ভিত্তিতে হাসাড়া এলাকা থেকে ভবঘুরে চোর হিসেবে পরিচিত মো. হৃদয় বেপারী (২৩)-কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অপরাধ দমন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।