সকাল নারায়ণগঞ্জঃ
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার আদারিয়াতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক। এ সময় এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আদারিয়াতলা এলাকায় হিরণ নামে এক ব্যক্তির বাড়ির সামনের পায়ে হাঁটা সড়কে অভিযান চালান।
অভিযানকালে মো. সুমন (২৩) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সুমনের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলাজুড়ে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এছাড়া অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য জেলা পুলিশের কন্ট্রোল রুমে (০১৩২০-০৯৪২৯৮) জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।