সকাল নারায়ণগঞ্জঃ
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা এবং অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, তদন্তাধীন মামলার অগ্রগতি, পুলিশ সদস্যদের কল্যাণ এবং বাহিনীর পেশাদারিত্ব বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রোববার (১৯ জুলাই) মুন্সীগঞ্জ পুলিশ লাইনসের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি, পুলিশ ক্যাম্প, ট্রাফিক বিভাগ, কোর্ট পুলিশ এবং পুলিশ লাইনস থেকে আগত ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
কল্যাণ সভায় জুন-২০২৬ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনসেবায় নিষ্ঠা এবং দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা বিভিন্ন ক্যাটাগরির পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার তাদের হাতে সম্মাননা তুলে দিয়ে ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য প্রতিটি পুলিশ সদস্যকে আইনানুগ, মানবিক এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি বাহিনীর শৃঙ্খলা বজায় রাখা, সেবার মান উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয় যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
সভার শেষ পর্বে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরজনিত পিআরএল-এ (প্রি-রিটায়ারমেন্ট লিভ) গমনকারী ডিআই-১ পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) আবু বক্কর সিদ্দিক-কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সহকর্মীরা তার কর্মজীবনের অবদান স্মরণ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।
একই দিনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুন-২০২৬ মাসে জেলার বিভিন্ন থানায় রুজুকৃত মামলার সার্বিক চিত্র, তদন্তাধীন মামলার অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং তদন্তের গতি আরও বাড়ানোর বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত, নিরপেক্ষ ও পেশাদার তদন্ত নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা অর্জনে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিন, সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনবান্ধব, আধুনিক ও জবাবদিহিমূলক পুলিশিং নিশ্চিত করতে নিয়মিত কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা এবং পেশাগত মূল্যায়ন কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।