বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় ফতুল্লায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এবং এসআই (নিরস্ত্র) মিলন ফকিরের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল কুতুবপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম সোনিয়া (২৮)। সে ফতুল্লা থানার কুতুবপুর দাপা মসজিদ কাজী বাড়ি এলাকার রিপন গাজীর মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সোনিয়ার কাছ থেকে ১৬০ (একশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত সোনিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
ঘটনায় ফতুল্লা মডেল থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।