সকাল নারায়ণগঞ্জঃ
নওগাঁ প্রতিনিধি:
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, যুক্তিবোধ ও সমালোচনামূলক চিন্তার বিকাশ ঘটাতে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা। বিজ্ঞানভিত্তিক যুক্তি ও তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
সম্প্রতি সকালে নওগাঁ জেলার প্রশিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় নওগাঁ শহরের স্বনামধন্য সরকারি কেডি উচ্চ বিদ্যালয়, নওগাঁ জেলা স্কুল, নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিআইএএম স্কুলসহ মোট আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতার মূল বিষয় ছিল বিজ্ঞান। সাধারণ বিতর্কের তুলনায় বিজ্ঞান বিতর্কের বৈশিষ্ট্য হলো—এখানে কোনো বক্তব্য বা দাবিকে প্রতিষ্ঠা করতে হয় সুনির্দিষ্ট তথ্য, উপাত্ত, যুক্তি ও বৈজ্ঞানিক প্রমাণের মাধ্যমে। ফলে এমন আয়োজন শিক্ষার্থীদের শুধু বিজ্ঞানের জ্ঞান অর্জনেই নয়, বরং কোনো বিষয়কে প্রশ্ন করা, বিশ্লেষণ করা এবং যুক্তির মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানোর সক্ষমতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থাপনা ও যুক্তিনির্ভর বক্তব্য উপস্থিত দর্শকদের আকৃষ্ট করে। অল্প সময়ের জন্য অনুষ্ঠানে উপস্থিত থেকেও আয়োজনটির সুন্দর ও গোছানো পরিবেশ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উপভোগ্য।
শিক্ষাবিদদের মতে, শিক্ষার উদ্দেশ্য কেবল পাঠ্যপুস্তকের নির্ধারিত বিষয় মুখস্থ করে পরীক্ষায় ভালো ফলাফল করা নয়। একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের সুনাগরিক, সৃজনশীল ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, বিতর্ক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের সুযোগ থাকা প্রয়োজন।
এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বাড়ানোর পাশাপাশি তাদের সুস্থ চিন্তা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত রাখতে সহায়তা করে। একই সঙ্গে তরুণদের মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ক্ষেত্রেও খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহার শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই পাঠ্যপুস্তকের পাশাপাশি বিজ্ঞানচর্চা, বিতর্ক, খেলাধুলা ও অন্যান্য কো-কারিকুলার অ্যাক্টিভিটিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হলে তাদের মধ্যে সচেতনতা ও দায়িত্বশীলতার চর্চা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় ও সহজবোধ্য করে তুলতে সমকাল-ফ্রিডম ফাউন্ডেশন জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের মতো আয়োজনগুলো দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। আগামীর বাংলাদেশকে যোগ্য, যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক নাগরিক উপহার দিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বিজ্ঞান বিতর্ক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম চালু ও উৎসাহিত করার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।