সকাল নারায়ণগঞ্জঃ
রাজশাহী জেলা পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট জেলা বিশেষ শাখা (ডিএসবি) অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। পরিদর্শনকালে তিনি ডিএসবির সার্বিক কার্যক্রম, দাপ্তরিক নথি সংরক্ষণ ব্যবস্থা এবং প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
বুধবার (১৫ জুলাই) রাজশাহী জেলা বিশেষ শাখা (ডিএসবি) কার্যালয়ে এ বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ পরিদর্শনে ডিএসবির বিভিন্ন প্রশাসনিক ও কার্যক্রমগত বিষয় গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হয়।
পরিদর্শনের সময় পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র, অফিস ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ, রেজিস্টার রক্ষণাবেক্ষণ ও দাপ্তরিক কার্যক্রম অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে তিনি দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা, সেবার মান বৃদ্ধি, নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ, কাজের গতিশীলতা নিশ্চিত করা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলা বিশেষ শাখার কর্মকর্তা ও সদস্যদের আরও দক্ষতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মো. আনিছুর রহমান সরদারসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা বিশেষ শাখার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এ ধরনের বার্ষিক পরিদর্শন নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে পুলিশের অভ্যন্তরীণ কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।