বিশেষ প্রতিনিধি
গোপালগঞ্জে তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা এবং মাদক ও অপরাধ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬”-এর সমাপনী, জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে এবং গোপালগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির সহায়তায় আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়।
অনূর্ধ্ব-২০ বছর বয়সী উদীয়মান ও সম্ভাবনাময় খেলোয়াড়দের নিয়ে গঠিত গোপালগঞ্জের ৫টি থানা কাবাডি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। রোমাঞ্চকর ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় গোপালগঞ্জ সদর থানা কাবাডি দলকে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে ‘কাশিয়ানী থানা কাবাডি দল’। পরাজিত গোপালগঞ্জ সদর থানা দল রানার্স আপ হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি এবং মেডেল তুলে দেন প্রধান অতিথি গোপালগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ এবং পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার জনাব শেখ মনিরুজ্জামান মিঠু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসানুর রহমান ও শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রনি হাওলাদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও পুলিশ সদস্যরা।