সকাল নারায়ণগঞ্জঃ
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি শহরের ডিআইটি এলাকা থেকে শুরু হয়ে রাজপথ প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া বিপুলসংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগের দুঃশাসন ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
বিক্ষোভ মিছিলে প্রধান নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবুল কালাম। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “নারায়ণগঞ্জের শান্ত পরিস্থিতি বিনষ্ট করতে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্ত হাতে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।” তিনি জেলার শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সর্বদা রাজপথে সক্রিয় থেকে পাহারা দেওয়ার আহ্বান জানান।
উক্ত কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ এবং মহানগর ছাত্রদল নেতা আজীজুল ইসলাম রাজীবসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।