সকাল নারায়ণগঞ্জঃ
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
আজ ২৪শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর আলম প্রধানের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইফতার ও আসর নামাজ শেষে নারায়ণগঞ্জের এই কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম জাকারিয়া মোমেন মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে উপস্থিত শত শত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উন্নতমানের রান্না করা খাবার ও খাবার পানি বিতরণ করা হয়।
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম, মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপনের সহধর্মিনী ও সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি বাবুল দেওয়ান, মহানগর কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কবির হোসেন এবং আনসার ভিডিপির বন্দর ইউনিয়ন দলনেত্রী তাসলিমা আক্তার সহ স্থানীয় সামাজিক ও মানবাধিকার কর্মীবৃন্দ।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী জাহাঙ্গীর আলম প্রধান বলেন, “মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন একজন জনপ্রতিনিধি হিসেবে অত্যন্ত জনপ্রিয় ও সদাহাস্যোজ্জ্বল ভালো মানুষ ছিলেন। তিনি আজীবন ফতুল্লাবাসীর সুখে-দুঃখে পাশে ছিলেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবারকে হেফাজত করেন।”
তিনি আরও বলেন, “স্বপন ভাইয়ের সহধর্মিনী সেলিনা সুলতানা শিউলী আপা যেভাবে প্রতিনিয়ত সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে যাচ্ছেন, এই জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়েই স্বপন ভাই নারায়ণগঞ্জের মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।”