সকাল নারায়ণগঞ্জঃ
বিশেষ প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ):
আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চতুর্থবারের মতো নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন বন্দর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন।
এর আগে তিনি তিনবার ওসি (তদন্ত) হিসেবে জেলাজুড়ে শ্রেষ্ঠ অফিসারের গৌরব অর্জন করেছিলেন। এবার প্রথমবারের মতো বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এই সম্মাননায় ভূষিত হলেন।
চতুর্থবারের মতো জেলার সেরা অফিসারের পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করে বলেন, “আলহামদুলিল্লাহ। মানুষের সেবায় নিয়োজিত থেকে এই সম্মান অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মানবিক ও সততার সাথে জনসেবা নিশ্চিত করে ভবিষ্যতে এই ধারা বজায় রাখতে চাই।”
তিনি বন্দর থানা এলাকাসহ সমগ্র নারায়ণগঞ্জবাসীর কাছে নিজের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য এবং ভবিষ্যতেও যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দিয়ে যেতে পারেন—সেজন্য দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।