সকাল নারায়ণগঞ্জঃ
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: পরিকল্পিত নগরায়ন ও আধুনিক নাগরিক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এনডিএ কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রমের সূচনা করার পর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, “নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পনগরী। অপরিকল্পিত নগরায়নের কারণে দীর্ঘদিন ধরে যেসব নাগরিক সমস্যার সৃষ্টি হয়েছে, এনডিএর সার্বিক কার্যক্রমের মাধ্যমে তার স্থায়ী ও যুগোপযোগী সমাধান করা হবে।” নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত, গ্রিন ও টেকসই আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন সংসদীয় আসনের স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বক্তারা নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ড্রাইভ, পরিবেশ সুরক্ষা ও নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের ওপর জোর দেন।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। এ ছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, নগর পরিকল্পনাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা সভায় অংশ নেন।
এনডিএর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব তাঁর বক্তব্যে নিশ্চিত করেন যে, নতুন এই অফিসটির পূর্ণাঙ্গ যাত্রার মাধ্যমে নগর পরিকল্পনা, আবাসন খাত নিয়ন্ত্রণ, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং সামগ্রিক নাগরিক সেবা প্রদানে এনডিএ একটি নতুন অধ্যায়ের সূচনা করল।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা নারায়ণগঞ্জকে আধুনিক ও বিশ্বমানের বাসযোগ্য নগরী হিসেবে রূপান্তরের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।