সকাল নারায়ণগঞ্জঃ
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফতুল্লার চৌধুরীবাড়ি পারিবারিক মিলনায়তনে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবং BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করে গ্রীন আই হসপিটাল নারায়ণগঞ্জ ও প্রত্যয় ফাউন্ডেশন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, BHDS ঢাকা বিভাগীয় কমিটির ইনভেস্টিগেশন অফিসার ও বন্দর হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন কাজী সফিউল আলম কালাম, মো. হাবিব, রাকিবসহ আরও অনেকে।
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী বলেন, খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশন এবং HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি এ ধরনের মানবিক কর্মকাণ্ড সফলভাবে পরিচালনার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।