সকাল নারায়ণগঞ্জঃ
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
সিরাজগঞ্জে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদের সমাবেশে হামলার প্রতিবাদ, হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্ত্তী ও তাঁর পরিবারের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক প্রদীপ সরকার এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২৮ আগস্ট সিরাজগঞ্জের পিপুলবাজারে বিদ্যুৎ ও সার সংকট সমাধানের দাবিতে বাসদের আয়োজিত সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। তাদের দাবি, ওই হামলায় বাসদ সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক নব কুমার কর্মকারসহ ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
বক্তারা বলেন, রাজনৈতিক মতপ্রকাশ ও জনগণের বিভিন্ন দাবি নিয়ে কর্মসূচি পালনের অধিকার নিশ্চিত করা প্রয়োজন। কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে হামলা বা বাধা সৃষ্টি করে আন্দোলন দমন করার চেষ্টা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।
এ সময় বক্তারা রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্ত্তী ও তাঁর পরিবারের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, তা নিরসনে স্বচ্ছ তদন্তের আহ্বান জানান তারা।
সমাবেশে দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘটনাও তুলে ধরেন বাসদ নেতারা। তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘটনায় মব সৃষ্টির প্রবণতা দেখা গেছে। বক্তারা বলেন, দেশের যেকোনো স্থানে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।
নেতৃবৃন্দ সিরাজগঞ্জে বাসদের সমাবেশে হামলার ঘটনায় জড়িতদের, গণপতি চক্রবর্ত্তী পরিবারের হত্যাকারীদের এবং মব সৃষ্টির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাশাপাশি দলীয় পরিচয় বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বার্তা প্রেরক: রুহুল আমীন সোহাগ