সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ খানপুরের প্রিয় সন্তান ও বন্ধন ফুটবল কোচিং সেন্টারের খেলোয়াড় মরহুম মোঃ লাবিবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামীকাল বাদ যোহর নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুম লাবিবের প্রিয় বন্ধন ফুটবল কোচিং সেন্টারের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুম লাবিবের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এ দোয়া মাহফিলে তাঁর পরিবার, স্বজন, বন্ধু, সহখেলোয়াড়, কোচিং সেন্টারের সদস্য, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ফুটবল অনুশীলন শেষে ঈদগাঁর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন লাবিব। তাঁর অকাল মৃত্যুতে খানপুরসহ পুরো নারায়ণগঞ্জে শোকের ছায়া নেমে আসে। প্রিয় এই তরুণ খেলোয়াড়কে হারিয়ে শোকাহত তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও সহখেলোয়াড়রা।
দোয়া মাহফিলে মরহুম লাবিবের বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য বিশেষ দোয়া করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে মরহুম মোঃ লাবিবকে জান্নাতুল ফেরদাউস নসিব এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করার জন্য প্রার্থনা করা হয়েছে।