সকাল নারায়ণগঞ্জঃ
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ফরিদপুর জেলা পুলিশ লাইনসের মাল্টিপারপাস হল (কল্যাণ শেড)-এ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব আশিকুর রহমান। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন ফরিদপুর জেলার পুলিশ সুপার জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
প্যারেড শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, একজন পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব হলো জনগণের আস্থা অর্জন করে সেবার মান আরও উন্নত করা। এজন্য প্রতিটি সদস্যকে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
পরে পুলিশ সুপার ফরিদপুর পুলিশ লাইনসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন ইউনিটের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা পুলিশ জানায়, নিয়মিত মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, সমন্বয় এবং পেশাগত দক্ষতা আরও উন্নত করার পাশাপাশি জনগণের সেবার মান বৃদ্ধিতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।