সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ইজারা দেওয়ার অপচেষ্টা বন্ধ এবং জেলা জুড়ে খুন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দাবিতে বিক্ষোভ ও পথসভা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
আজ সোমবার (২৭ জুলাই, ২০২৬) বিকেল ৫টায় নারায়ণগঞ্জের ২ নং রেলগেট এলাকায় বাসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয়।
বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব কমরেড আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বাসদ নারায়ণগঞ্জ জেলার বর্ধিত ফোরামের সদস্য হাসনাত কবির এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক রুহুল আমীন সোহাগ সহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
“মার্কিন বাণিজ্য চুক্তি দাসত্বের ও দেশ বিক্রির শামিল” পথসভায় নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তিটি মূলত একটি দাসত্বের এবং দেশ বিক্রির গোলামী চুক্তি। জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠন করা। অথচ সেই অভ্যুত্থান-উত্তর অন্তর্বর্তীকালীন সরকার দেশের জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু নীতি গ্রহণ করেছিল এবং এই অসম চুক্তি সম্পাদন করে। দুঃখজনকভাবে বর্তমান নির্বাচিত সরকারও সেই চুক্তি বাতিলের কোনো পদক্ষেপ না নিয়ে, এমনকি সংসদে কোনো আলোচনা ছাড়াই এটি বাস্তবায়নের পথে হাঁটছে। এই চুক্তি দেশের শিল্প, কৃষি ও সমগ্র অর্থনীতিকে মারাত্মক ধ্বংসের মুখে ঠেলে দেবে। অতীতে যেভাবে জনগণ নিজেদের অধিকার আদায় করেছে, ঠিক সেভাবেই রাজপথে প্রতিরোধ গড়ে তুলে সরকারকে এই গণবিরোধী চুক্তি বাতিলে বাধ্য করা হবে।
নিউমুরিং টার্মিনাল ইজারার চক্রান্ত ও ভূ-রাজনৈতিক ঝুঁকি চট্টগ্রাম বন্দরের অত্যন্ত লাভজনক ‘নিউমুরিং কন্টেইনার টার্মিনাল’ দুবাইভিত্তিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’-এর কাছে ইজারা দেওয়ার চলমান পাঁয়তারার তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ। তারা সতর্ক করে বলেন, যেসব বিদেশি কোম্পানির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, তাদের হাতে বন্দরের মতো স্পর্শকাতর জাতীয় সম্পদ তুলে দিলে বাংলাদেশ কেবল অর্থনৈতিকভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, বরং গভীর ভূ-রাজনৈতিক সংকটে নিমজ্জিত হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনজীবনের নাভিশ্বাস বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমানে একদিকে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম, অন্যদিকে বিদ্যুৎ ও এলপি গ্যাসের ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত ও দিশেহারা হয়ে পড়েছে। সরকারের জনবিরোধী নীতির কারণেই জনগণের ওপর এই অতিরিক্ত খরচের বোঝা চেপে বসেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে পুরো শহরে একটি ভীতিকর পরিবেশ বিরাজ করছে। যত্রতত্র ছিনতাই, ছিনতাইকারীদের হাতে নির্মম হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বেপরোয়া চাঁদাবাজি চরম আকার ধারণ করেছে। এর পাশাপাশি মাদকের ভয়াবহ বিস্তার এবং মাদক কারবারিদের দুই গ্রুপের রক্তাক্ত সংঘর্ষে সাধারণ মানুষের জীবন প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, এ ধরনের জনস্বার্থবিরোধী ও বিপজ্জনক পরিস্থিতিতে প্রশাসনের যে কার্যকরী ও কঠোর ভূমিকা থাকার কথা ছিল, তা লক্ষ্য করা যাচ্ছে না। অনতিবিলম্বে শহরের আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় নজরদারি বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।