সকাল নারায়ণগঞ্জঃ
আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০২৬-এর প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ পরিদর্শন কর্মসূচিতে বাংলাদেশ পুলিশের কার্যক্রম, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে উভয় বাহিনীর কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জানা যায়, রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ চলমান এএফডব্লিউসি-২০২৬ কোর্সের অংশ হিসেবে এই শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়মূলক পরিদর্শনের আয়োজন করা হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এনডিসির চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছানোর পর প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের স্বাগত জানানো হয়। পরে তারা হল অব প্রাইডে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এইচআরএম) মোঃ মুশফেকুর রহমান।
সভার শুরুতে ডিআইজি (এইচআর) মোহাম্মদ আশফাকুল আলম বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, মিশন ও ভিশন, মহান মুক্তিযুদ্ধে পুলিশের অবদান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সাফল্য সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন।
এ সময় বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম, আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং জনসেবামূলক উদ্যোগ নিয়ে একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়, যা প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বাংলাদেশ পুলিশের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান করে।
পরবর্তীতে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা বাংলাদেশ পুলিশের বর্তমান কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থাপনা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ, আন্তঃবাহিনী সমন্বয় এবং সমসাময়িক বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মুক্ত আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি (এইচআরএম) মোঃ মুশফেকুর রহমান বলেন, দেশের যেকোনো দুর্যোগ, সংকট বা জাতীয় প্রয়োজনে বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করে আসছে। তিনি বলেন, এ ধরনের পারস্পরিক পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচি দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পেশাগত সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং সমন্বয়কে আরও শক্তিশালী করবে।
তিনি আরও উল্লেখ করেন, নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পক্ষ থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে আন্তরিক আতিথেয়তা ও উষ্ণ অভ্যর্থনার জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, এএফডব্লিউসি-২০২৬-এর এই পরিদর্শনকারী দলে মোট ৬২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের যৌথ পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও সমন্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।