সকাল নারায়ণগঞ্জঃ
আর্জেন্টিনার দারুণ জয়ের আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েছে নারায়ণগঞ্জের ফুটবলপ্রেমীরা। ম্যাচ শেষ হওয়ার পর গভীর রাতেও শহরের বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ এলাকায় দেখা যায় উৎসবমুখর পরিবেশ। সোমবার দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটের দিকে বিজয়ের আনন্দে রাস্তায় নেমে আসেন শত শত আর্জেন্টিনা সমর্থক ও ফুটবলপ্রেমী।
শহরের চাষাঢ়া, দুই নম্বর রেলগেট, বঙ্গবন্ধু সড়ক,খানপুর, দেওভোগসহ বিভিন্ন এলাকায় সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আকাশি-সাদা পতাকা হাতে মোটরসাইকেল শোভাযাত্রা, আনন্দ মিছিল এবং স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
সমর্থকরা “আর্জেন্টিনা, আর্জেন্টিনা”, “মেসি, মেসি”সহ বিভিন্ন স্লোগানে আনন্দ প্রকাশ করেন। অনেককে জাতীয় পতাকার পাশাপাশি আর্জেন্টিনার পতাকা নিয়ে বিজয় উল্লাস করতে দেখা যায়। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষও এই আনন্দে শামিল হন।
ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা দলবদ্ধভাবে বের হয়ে আসেন। কেউ মোটরসাইকেল বহর নিয়ে, কেউবা বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দ মিছিলে অংশ নেন। গাড়ির হর্ন, ঢাক-ঢোল এবং সমর্থকদের উচ্ছ্বাসে রাতের নারায়ণগঞ্জ যেন পরিণত হয় এক টুকরো ফুটবল উৎসবে।
ফুটবলপ্রেমীরা জানান, আর্জেন্টিনার জয় তাদের জন্য বিশেষ আনন্দের। দলের দুর্দান্ত পারফরম্যান্সে তারা ভীষণ উচ্ছ্বসিত। তাই এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই তারা রাস্তায় নেমে এসেছেন।
গভীর রাত হলেও সমর্থকদের উৎসাহ-উদ্দীপনায় কোথাও ভাটা পড়েনি। শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও উদযাপন চলতে থাকে দীর্ঘ সময় ধরে। আর্জেন্টিনার এই জয়কে ঘিরে নারায়ণগঞ্জে ফুটবলপ্রেমীদের এমন উচ্ছ্বাস আবারও প্রমাণ করল, বিশ্ব ফুটবলের প্রতি এ দেশের মানুষের আবেগ ও ভালোবাসা কতটা গভীর।