সকাল নারায়ণগঞ্জঃ
মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘গ’ গ্রুপে সমগ্র বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে শেরপুর জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (১২ মে) বেলা ১২টা ৩০ মিনিটে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এই অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি অর্জন করে শেরপুর জেলা পুলিশ। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম এর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
শেরপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
এ অর্জনে পুলিশ সুপারের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা। তারা মনে করছেন, এই সম্মাননা ভবিষ্যতে আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
শেরপুর জেলা পুলিশ জানিয়েছে, এই সাফল্যকে পাথেয় করে শেরপুরকে দ্রুত মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। জনগণের সহযোগিতা নিয়ে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।