সকাল নারায়ণগঞ্জঃ
পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে গ্রুপ “গ” ক্যাটাগরিতে দেশের মধ্যে সম্মানজনক দ্বিতীয় স্থান অর্জন করেছে মাগুরা জেলা পুলিশ।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স এ আয়োজিত বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা গ্রহণ করেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
মাগুরা জেলা পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান ও কার্যকর পদক্ষেপের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। জেলা পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীল কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা দেখা হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বিভিন্ন ইউনিট প্রধান, সরকারি কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতে তারা সর্বদা পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এই অর্জন ভবিষ্যতে আরও কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা প্রদানে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।