সকাল নারায়ণগঞ্জঃ
আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে “পুলিশ সপ্তাহ ২০২৬”। শনিবার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ কল্যাণ সভার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ সূচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি পুলিশ সদস্যদের জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আরও মানবিক, দায়িত্বশীল ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সারাদেশের অন্যান্য ইউনিটের মতো চাঁদপুর জেলা পুলিশও ভার্চুয়ালি এই বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করে। চাঁদপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় প্রধানমন্ত্রীর ভাষণ ও কল্যাণ সভার কার্যক্রম।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের পক্ষে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমান। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সিআইডি, পিবিআই, রেলওয়ে পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নিষ্ঠা, সততা ও মানবিকতার সাথে কাজ করতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের দায়িত্ব পালন করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুলিশ সপ্তাহ উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মেসসহ জেলার সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে আয়োজন করা হয় “বড় খানা” ও প্রীতিভোজের। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশে উৎসব, উদ্দীপনা ও সৌহার্দ্যের এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।