সকাল নারায়ণগঞ্জঃ
সারাদেশের মতো নারায়ণগঞ্জেও ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে বহুল প্রত্যাশিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬। শনিবার (২ মে) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানকে ঘিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত খুদে ক্রীড়াবিদ, অভিভাবক, ক্রীড়াপ্রেমী মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। শিশু-কিশোরদের উচ্ছ্বাস, অভিভাবকদের প্রত্যাশা এবং আয়োজকদের আন্তরিকতায় অনুষ্ঠানটি রূপ নেয় এক উৎসবে।
এই আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে শিশু-কিশোরদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের নতুন দিগন্ত উন্মোচিত হলো। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ মূলত আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় আধুনিক ক্রীড়া কাঠামোয় নতুনভাবে শুরু করা হয়েছে।
সরকার এবার ইউনিয়ন পর্যায় এবং সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে এই কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে তৃণমূল থেকে উঠে আসা শিশু-কিশোরদের প্রশিক্ষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করা হবে।
বিশেষভাবে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, যোগ্যদের বাছাই এবং জাতীয় পর্যায়ে তাদের এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খেলাধুলাকে শুধু বিনোদন নয়, বরং ভবিষ্যৎ পেশা এবং পরিবারের অর্থনৈতিক নিরাপত্তার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করাই এর অন্যতম উদ্দেশ্য।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি করা সম্ভব হবে, যারা দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং সুস্থ জীবনধারার চর্চাও নিশ্চিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক নিলুফা ইয়াসমিনসহ প্রশাসন, ক্রীড়া সংগঠন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর এই যাত্রা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, এই উদ্যোগ দেশের প্রতিটি কোণে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।