সকাল নারায়ণগঞ্জঃ
রমজান উপলক্ষে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শওকত হাশেম শকু। ইফতার সামগ্রী বিতরণকালে দেওয়া বক্তব্যে তিনি মানুষের জন্য কাজ করাকেই নিজের প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন।
শওকত হাশেম শকু বলেন,
“রমজান আমাদের সহমর্মিতা, ত্যাগ আর ভাগাভাগির শিক্ষা দেয়। আজ আমরা ৮শ পরিবারের মাঝে তেল, বুট, ডাল, আলু, পেঁয়াজ, বেসন ও চিনি বিতরণ করছি। এতে তাদের চাহিদা কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করছি। আমি এখন কাউন্সিলর নই, তবুও আমি বসে নেই। আমি সবসময় মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। মানুষের দোয়া আর ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
তিনি বলেন,
“আজকের এই আয়োজনে আমাদের মাসুদুজ্জামান ভাই অর্ধেকের বেশি সহযোগিতা করেছেন। তিনি সবসময়ই এ ধরনের মানবিক কাজে শরীক থাকেন। আমরা চাই সমাজের বিত্তবান মানুষরাও এগিয়ে আসুক, যাতে কোনো পরিবার রমজানে কষ্ট না পায়।”
তিনি আরও বলেন,
“২০০৪ সাল থেকে আমার এই পথচলা। প্রতি রমজানেই আমি অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ইফতার সামগ্রী বিতরণ করি, রমজানের মাঝামাঝি গরুর মাংস দেই, ঈদের সময় উন্নত খাবার পৌঁছে দেই। এটা আমার দায়িত্ব, এটা আমার নৈতিক অঙ্গীকার।”
রাজনৈতিক প্রসঙ্গ টেনে শকু বলেন,
“আমাদের নেতা তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন—তার সফলতা কামনা করি। আমাদের নেত্রী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তার রুহের মাগফিরাত কামনা করি। আমি আমার মায়ের জন্যও সবার কাছে দোয়া চাই। নবনির্বাচিত এমপি আবুল কালাম ভাইয়ের সফলতা কামনা করি, যেন তিনি এলাকার মানুষের জন্য কাজ করতে পারেন।”
শেষে তিনি বলেন,
“আমি পদে থাকি বা না থাকি—মানুষের পাশে থাকবো। কারণ মানুষের জন্য কাজ করাই আমার রাজনীতি।”