সকাল নারায়ণগঞ্জঃ
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিপুল ভোটে বিজয় অর্জন করে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট আবুল কালাম-কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর হকার্স শ্রমিক দল। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু আল বেলাল খান বিল্লাল এই বিজয়কে শ্রমজীবী মানুষের আশা-আকাঙ্ক্ষার বিজয় হিসেবে উল্লেখ করেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এক প্রতিক্রিয়ায় বেলাল খান বিল্লাল বলেন, জনগণের অকুণ্ঠ সমর্থন প্রমাণ করেছে—নারায়ণগঞ্জ উন্নয়ন, স্থিতিশীলতা এবং শ্রমিকবান্ধব নেতৃত্বের ধারাবাহিকতাই চায়। তিনি নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমত এবং নারায়ণগঞ্জবাসীর অকৃত্রিম ভালোবাসায় আবুল কালাম আবারও জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এই বিজয় কোনো ব্যক্তির একার নয়—এটি মেহনতি মানুষের বিজয়, গার্মেন্টস শ্রমিকদের বিজয়, হকার সমাজের বিজয়। জনগণ উন্নয়ন ও অধিকার রক্ষার পক্ষেই রায় দিয়েছে।”
তিনি আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও নবনির্বাচিত সংসদ সদস্য শ্রমিক-জনতার অধিকার আদায়ে সংসদ ও রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে তাদের দৃঢ় বিশ্বাস। তার নেতৃত্বে নারায়ণগঞ্জে শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, শ্রমিক কল্যাণ এবং অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর হকার্স শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ ওসমান গণি, সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল দেওয়ান, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাকিব নাজমুস-সহ জুয়েল, আক্তার, সোপন, সাকিব, রাব্বি, সাদেক, জীবন, সাগর, মনির, ইব্রাহিম, পুতুল এবং মহানগর হকার্স শ্রমিক দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং একযোগে অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ বলেন, এই ঐতিহাসিক বিজয় দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল। তরুণ ভোটার, শ্রমিক সমাজ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই বিজয়কে আরও মহিমান্বিত করেছে। জনগণের দেওয়া এই ম্যান্ডেট রক্ষা করতে হলে ঐক্য, শৃঙ্খলা এবং মানুষের পাশে থাকার রাজনীতি অব্যাহত রাখতে হবে বলেও তারা উল্লেখ করেন।
শেষে নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ-৫ আসনের সম্মানিত ভোটার, দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের এই আস্থা ভবিষ্যতের পথচলার শক্তি। উন্নয়ন, গণতন্ত্র এবং শ্রমিক অধিকারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।