সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে মহানগরজুড়ে অনুষ্ঠিত হয়েছে এক নজিরবিহীন গণসংযোগ। নারায়ণগঞ্জ মহানগর হকার্স শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু আল বেলাল খান বিল্লালের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের হকারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে হকাররা ব্যানার-ফেস্টুন নিয়ে গণসংযোগে যোগ দেন। বিল্লালের নেতৃত্বে একটি বিশাল মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে অ্যাডভোকেট আবুল কালামের গণসংযোগে মিলিত হয়। স্লোগান, বাদ্যযন্ত্র ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। ধানের শীষ প্রতীকের সমর্থনে হকারদের এমন ঐক্যবদ্ধ উপস্থিতি স্থানীয়দের দৃষ্টি কাড়ে।
গণসংযোগ চলাকালে হকার নেতারা জানান, জীবিকা ও অধিকার রক্ষার আন্দোলনে তারা সবসময় ঐক্যবদ্ধ। নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করতে মাঠে নেমেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া হকাররা বলেন, তাদের দাবি-দাওয়া ও সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত নেতৃত্বের পাশে থাকার প্রত্যয় থেকেই তারা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন।
মিছিল অগ্রসর হওয়ার সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ দৃশ্যটি উপভোগ করেন। অনেকেই হাত নেড়ে সমর্থন জানান। নগরজুড়ে সৃষ্টি হয় নির্বাচনী উৎসবের আমেজ। দীর্ঘ সারির মিছিল, স্লোগানের তালে তালে হাঁটা এবং কর্মীদের উচ্ছ্বাসে গণসংযোগটি পরিণত হয় এক বড় শক্তি প্রদর্শনে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর হকার্স শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু আল বালাল খান বিল্লাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ ওসমান গণি, সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল দেওয়ান, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাকিব নাজমুসসহ জুয়েল, আক্তার, সোপন, সাকিব, রাব্বি, সাদেক, জীবন, সাগর, মনির, ইব্রাহিম, পুতুল এবং মহানগর হকার্স শ্রমিক দলের অসংখ্য নেতাকর্মী।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, হকারদের এমন সংগঠিত অংশগ্রহণ নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে। শেষ মুহূর্তের এই শক্তি প্রদর্শন নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে তারা মনে করছেন।
গণসংযোগ শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভোটের দিন পর্যন্ত মাঠে সক্রিয় থাকার ঘোষণা দেন। তাদের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে সাধারণ মানুষের সমর্থনেই কাঙ্ক্ষিত ফল অর্জিত হবে।