সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মহানগর বিএনপি নেতা মোঃ হানিফ সরদার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে সুদূরপ্রসারী রূপকল্প প্রণয়ন করেছেন, তা বাস্তবায়ন করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে তারুণ্যের অহংকার তারেক রহমানের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া হবে, ইনশাআল্লাহ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ১৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষের সমর্থনে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ সরদার বলেন, দেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি এবং তরুণ প্রজন্মের জন্য সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণ এখন পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ভোটের অধিকার চায়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করবে। সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের প্রতি যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা স্পষ্টভাবে বিজয়ের বার্তা দিচ্ছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষ সবসময়ই গণতন্ত্রের পক্ষে এবং স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবারের নির্বাচনেও জনগণ তাদের রায় স্পষ্টভাবে ব্যালটের মাধ্যমে জানিয়ে দেবে। ধানের শীষ মানেই উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক—এই বিশ্বাস থেকেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পাশে দাঁড়াচ্ছে।
এদিন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হানিফ সরদারের নেতৃত্বে নেতাকর্মীরা নগরীর আমলাপাড়া, কালিরবাজার, চারাগোপ ও স্বর্ণপট্টিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তারা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং লিফলেট বিতরণ করেন। এ সময় নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
গণসংযোগ চলাকালে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং ধানের শীষের প্রতি তাদের সমর্থনের কথা প্রকাশ করেন। অনেকেই বলেন, তারা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগে দৃঢ়প্রতিজ্ঞ।
প্রচারণায় উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হিরা সরদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ দুলাল হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মাহবুব আলম, মোঃ শামীম হোসেন, তানভীর সরদার, মোঃ নাসিরসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে এবং নির্বাচনী আমেজ আরও জোরালো হয়ে ওঠে।
পথসভা শেষে নেতৃবৃন্দ আগামী দিনগুলোতেও ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং জনগণকে ভোটের দিন কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।