বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:
মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান এবং বাংলাদেশ পুলিশের প্রশাসন বিভাগের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) জনাব এ কে এম আওলাদ হোসেন।
শনিবার (৩ অক্টোবর) সকালে অতিথিবৃন্দ মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে আগমন করলে তাঁদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে।
থানায় নতুন পিকআপ ভ্যান হস্তান্তর:
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা জোরদার ও পুলিশি টহল কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জ থানা ও গজারিয়া থানার অফিসার ইনচার্জদের (ওসি) হাতে দুটি নতুন পুলিশ পিকআপ ভ্যানের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেন মাননীয় সংসদ সদস্য ও অতিরিক্ত আইজিপি মহোদয়।
পরিবেশ ও কল্যাণমূলক উদ্যোগ:
যানবাহন হস্তান্তর শেষে অতিথিদ্বয় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এরপর পুলিশ লাইন্স কম্পাউন্ডে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং গাছের চারা রোপণ করেন।
পুলিশ সদস্যদের সঙ্গে প্রীতিভোজ:
দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অফিসার ও ফোর্সের সঙ্গে এক প্রীতিভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে সাধারণ পুলিশ সদস্যদের খবরাখবর নেন এবং মতবিনিময় করেন তাঁরা।
আয়োজিত সকল কর্মসূচিতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।